আমাদেরবাংলাদেশ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, অনিয়মের সঙ্গে জড়িত থাকলে আত্মীয়, পরিবার বা দলের নেতা কেউ ছাড় পাবে না। গতকাল রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় যুবলীগের কংগ্রেসকে সামনে রেখে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী যুবলীগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা জানান। বৈঠক শেষে যুবলীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।
সূত্র আরও জানায়, বৈঠকে শেখ হাসিনা বলেছেন, আমি সবই জানি। কী হচ্ছে, কে কী করছে এটা আগে থেকেই জানি। জেনে-শুনেই ব্যবস্থা নিয়েছি। আমি যে সিদ্ধান্ত নিয়েছি ভেবে-চিন্তেই নিয়েছি। এগুলো নিয়ে আর কথা বলার দরকার নেই।এসময় তিনি যুবলীগ নেতাদের উদ্দেশে আরও বলেন, ক্যাসিনোর বিষয়ে তোমরা এত দিন আমাকে জানাওনি কেন? তোমরা তো আমার এখানে এসেছ, কথা হয়েছে। তোমরা না জানালেও এসব আমি জানতাম। আমার আত্মীয় হোক, পরিবারের লোক হোক আর দলের লোক হোক, এসব ঘটনার সঙ্গে যারা জড়িত কেউ ছাড় পাবে না।
আমি এসব সহ্য করবো না। যে অভিযান চলছে এটা চলমান থাকবে। আত্মীয় আর দলের কোনো নেতা যেই হোক ব্যবস্থা নেওয়া থেকে কেউ বাদ যাবে না। প্রধানমন্ত্রী বলেন, আমরা এত কষ্ট করে উন্নয়ন করছি, দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে সেসব কাজ। আর সেই অর্জন কেউ নষ্ট করে দেবে সেটা হতে দেবো না, তাদের ক্ষমা করা হবে না। অসৎ পথে উপার্জন এটা সম্মানের না। এর অবসান ঘটাতে হবে।