আমাদেরবাংলাদেশ ডেস্ক : আশুলিয়ায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কে কাভার্ড ভ্যানচাপায় মনোয়ারা বেগম (২৭) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে সড়কের শিমুলতলা এলাকার ফান ফ্যাক্টরি নামে কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম পলমল গ্রুপের জামগড়া এলাকার আয়েশা ক্লথিংস পোশাক কারখানার সুইং অপারেটর ছিলেন।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারখানা ছুটি শেষে রাস্তা পারাপারের সময় আব্দুল্লাহপুর থেকে আসা একটি মালবাহী কাভার্ড্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মহাসড়কে থাকা জনতা উত্তেজিত হয়ে যান চলাচলে বাধা দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রনে আনতে মহাসড়ক থেকে জনসাধারণকে
সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। ঘাতক যানটির চালক দ্রুত বেগে গাড়ী চালিয়ে পালিয়ে যায়। চালক ও ঘাতক গাড়ীটি আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এখবর লেখা পর্যন্ত নিহত নারী শ্রমিকের মরদেহটি আশুলিয়া থানায় নেয়া হলেও তার স্বজনদের কাউকে পাওয়া যায়নি।