শহিদুল ইসলাম সাগর সাভার: ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এই স্লোগানকে ধারণ করে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সাভারে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১টায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকা থেকে একটি র্যালি শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়। এসময় র্যালি থেকে সড়ক দুর্ঘটনারোধে গণসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।
পরে বাইপাইল এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অংশ নিয়ে বক্তরা সড়ক দুর্ঘটনা রোধে সকলকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সচেতন থাকার আহ্বান জানান। জাতীয় নিরাপদ সড়কের আশুলিয়া কমিটির সদস্য সচিব মোঃ মোবারক হোসেন শাকিলের নেতৃত্বে র্যালীতে অংশগ্রহণ করেন ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দীপুসহ আরো অনেকে।
প্রসঙ্গত, ২৬ বছর আগে বান্দরবানে যাবার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন নিহত হন। রেখে যান অবুঝ দুটি শিশু সন্তান জয় ও ইমাকে। ইলিয়াস কাঞ্চন সে সময় সিনেমার শুটিংয়ে বান্দরবান অবস্থান করছিলেন। স্ত্রীর অকাল মৃত্যুতে দু’টি অবুঝ সন্তানকে বুকে নিয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করে ইলিয়াস কাঞ্চন নেমে আসেন পথে। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়- এই স্লোগান নিয়ে গড়ে তোলেন সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)।