নিজস্ব প্রতিবেদক।। সাভার পৌর এলাকায় মশার ভয়াবহ উপদ্রব থেকে মুক্তি পেতে বিশেষ মশা নিধন ও লার্ভা ধ্বংসকরণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সাভার পৌরসভার উদ্যোগে ব্যাংক কলোনী এলাকার ৫ নং ওয়ার্ডে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. সালাউদ্দিন বাবু নিজেই ফগার মেশিন হাতে তুলে নেন। তিনি ব্যাংক কলোনী এলাকার বিভিন্ন ড্রেন ও রাস্তায় ফগিং করেন এবং মশার বংশবিস্তার রোধে লার্ভা নিধনকারী স্প্রে ছিটান। এ সময় তিনি এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানান এবং বাড়ির চারপাশ পরিষ্কার রাখার পরামর্শ দেন।
গত কয়েক সপ্তাহ ধরে সাভার পৌর এলাকার বাসাবাড়ি ও রাস্তাঘাটে মশার উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। অতিষ্ঠ হয়ে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা। জনস্বাস্থ্যের ঝুঁকি এবং এলাকাবাসীর ভোগান্তি বিবেচনায় নিয়ে দ্রুত এই পদক্ষেপ গ্রহণ করে সাভার পৌরসভা।
উদ্বোধন শেষে সংসদ সদস্য গণমাধ্যমকে জানান:পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এই নিধন অভিযান চালানো হবে। সাভারের পাশাপাশি খুব শীঘ্রই আশুলিয়া এলাকাতেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। ড্রেন পরিষ্কার ও লার্ভা ধ্বংসে নিয়মিত তদারকি নিশ্চিত করা হবে। সাভার পৌরসভার এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা আশা করছেন, নিয়মিত এই কার্যক্রম অব্যাহত থাকলে মশার প্রকোপ থেকে রেহাই পাওয়া যাবে।
এবিডি.কম/রাজু