নিজস্ব প্রতিবেদক।। যশোরের কেশবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় নির্ধারিত সময়েও বন্ধ থাকার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টা ১৫ মিনিট পার হয়ে গেলেও কর্মকর্তা মোছা: নাসরিন সুলতানাকে অফিসে পাওয়া যায়নি, এমনকি কার্যালয়টি সম্পূর্ণ তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে।
সরকারি নিয়ম অনুযায়ী অফিস সময় শুরু হলেও সকাল সোয়া ৯টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষ ও সংশ্লিষ্ট অফিস কক্ষগুলো বন্ধ রয়েছে। অফিসের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় বিভিন্ন এলাকা থেকে আসা সেবাগ্রহীতাদের।
অফিস বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী জানান,জরুরি কাজে তারা সকালে অফিসে এসেছেন,কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোনো কর্মকর্তা বা কর্মচারীর দেখা পাননি। সরকারি একটি গুরুত্বপূর্ণ দপ্তর এভাবে বন্ধ থাকায় সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,অনেক ক্ষেত্রেই সঠিক সময়ে কর্মকর্তাদের কার্যালয়ে পাওয়া যায় না,যার ফলে কাজের গতি যেমন কমে যাচ্ছে,তেমনি সাধারণ মানুষের হয়রানি বাড়ছে। তারা অবিলম্বে সরকারি অফিসে নিয়মিত উপস্থিতি ও সেবার মান নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ দাবি করেছেন।
অফিস চলাকালীন কেন দপ্তরটি বন্ধ ছিল বা কর্মকর্তা কেন উপস্থিত ছিলেন না,সে বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা: নাসরিন সুলতানার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহলের মতে,সরকারি দপ্তরের এই দায়সারা ভাব বন্ধ না হলে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্থবিরতা নেমে আসতে পারে।
এবিডি.কন/জাহাঙ্গীর আলম রাজু