নিজস্ব প্রতিবেদক।। কেশবপুর রমজান মাসকে সামনে রেখে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন। সম্প্রতি পাম্প থেকে তেল পাচার ও অবৈধ মজুতের চেষ্টার বিষয়টি নজরে আসায় প্রশাসনের পক্ষ থেকে এই জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে।
ইউএনও জানান,দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কিছু অসাধু চক্র ব্যক্তিগত মুনাফার লোভে তেল পাচার ও মজুত করছে। এর ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চলছে। সরকার স্পষ্ট করেছে যে,জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই। এই ধরনের কর্মকাণ্ডকে দণ্ডনীয় অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এছাড়া প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অবৈধ মজুত কিংবা পাচারের প্রমাণ পাওয়া যায়, তবে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।
ইউএনও রেকসোনা খাতুন নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন আপনার আশেপাশে কেউ তেল মজুত বা পাচার করলে প্রমাণসহ প্রশাসনের মেসেঞ্জারে তথ্য দিন। পবিত্র রমজানে অসাধু চক্রকে রুখে দিতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন।
প্রতিবেদনে পাম্প মালিকদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়ে বলা হয়েছে,তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে এবং কোনো নির্দিষ্ট গ্রাহকের কাছে অতিরিক্ত তেল বিক্রি করা যাবে না। উপজেলা প্রশাসনের এই কঠোর বার্তায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। প্রশাসন জানিয়েছে,জনস্বার্থে এই ধরনের তদারকি অব্যাহত থাকবে।
এবিডি.কম/জাহাঙ্গীর আলম রাজু