নিজস্ব প্রতিবেদক।। দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে এবং এলাকার কৃষি ও জনজীবন সচল রাখতে কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সকালে কেশবপুরের ৫ নং মঙ্গলকোট ইউনিয়নের ছোট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বাদুড়িয়া পর্যন্ত এই খাল খনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট ও দখল হয়ে থাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছিল,যার ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হতো। কৃষিজমি চাষাবাদ অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয়রা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছিলেন। এই খনন কাজ বাস্তবায়িত হলে এলাকার কয়েক হাজার একর জমির জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি উৎপাদন বাড়বে বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী।
উদ্বোধনকালে সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী বলেন,এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই খালটি খনন করা। এলাকার জলাবদ্ধতা নিরসনে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। এই প্রকল্পের মাধ্যমে জলাবদ্ধতা দূর করে কৃষকদের ফসলি জমি উদ্ধার এবং জনদুর্ভোগ লাঘব করাই আমাদের মূল লক্ষ্য।
উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন জানান, খাল খননের কাজ যাতে সুষ্ঠুভাবে এবং মানসম্মত ভাবে সম্পন্ন হয়, সেজন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হবে। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এবিডি.কম/ জাহাঙ্গীর আলম রাজু