নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা।। বাংলা নববর্ষ ১৪৩৩ (২০২৬) যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় নববর্ষ উদযাপনের বিস্তারিত কর্মসূচি ও নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের সভাপতিত্বে সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সমৃদ্ধ সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
পহেলা বৈশাখের সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী বৈশাখী গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক অথবা নির্ধারিত ভেন্যুতে লোকজ মেলা বা বৈশাখী মেলার আয়োজন করা হবে। জেলা প্রশাসনের আয়োজনে প্রাতরাশে পান্তা-ইলিশসহ দেশীয় ঐতিহ্যবাহী খাবারের আয়োজন থাকবে।
জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া শিশু একাডেমির আয়োজনে শিশুদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। দিবসের সূচনা হবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। নববর্ষ উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ,র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নিয়োজিত থাকবেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল,সাতক্ষীরার জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হোসেন,মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, পৌরসভার সিইও আসাদুজ্জামান,জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মাহাবুবুর রহমান,জেলা নির্বাচন অফিসার হযরত আলি, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহার,যুব উন্নয়নের উপপরিচালক সঞ্জিত কুমার দাস, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মেহেদি এবং বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়ব হাসান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এবিডি.কম/রাজু