নিজস্ব প্রতিবেদক পঞ্চগড়।। পঞ্চগড়ে পাইলট প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে ডিজিটাল ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে জেলার বোদা উপজেলার পাঁচপীর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মহতী কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়ের পাঁচপীর এলাকায় ২,০০০ জন এবং সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর ব্লকের ১,৫০০ জন কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হয়েছে। সরকার পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছে।”আগামী দুই-তিন মাসের মধ্যে সারাদেশে আরও ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ সম্পন্ন করা সম্ভব হবে।” ফরহাদ হোসেন আজাদ, পানিসম্পদ প্রতিমন্ত্রী।
কার্ড বিতরণকালে প্রতিমন্ত্রী অত্যন্ত দৃঢ়ভাবে ঘোষণা করেন যে, এই কার্যক্রমে কোনো প্রকার রাজনৈতিক বা ধর্মীয় ভেদাভেদ করা হবে না। তিনি বলেন: যারা প্রকৃতপক্ষে কৃষি কাজের সাথে জড়িত এবং কার্ড পাওয়ার যোগ্য, তাদেরকেই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কৃষক বা ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা প্রদানের ক্ষেত্রে দল-মত বা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে কাজ করা হচ্ছে। দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে প্রশাসনকে সহযোগিতা করার জন্য প্রতিটি সচেতন নাগরিকের প্রতি তিনি আহ্বান জানান।
পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রতীকীভাবে ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে ডিজিটাল কার্ড এবং পরিবেশ রক্ষায় দুটি করে ফলজ গাছের চারা তুলে দেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কৃষি বিভাগের প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি প্রণোদনা ও সার-বীজ সহায়তা গ্রহণ করতে পারবেন, যা কৃষি খাতে স্বচ্ছতা নিশ্চিত করবে।
এবিডি.কম/রাজু