জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি ।। কক্সবাজার শহরে রোগী বহনের আড়ালে অ্যাম্বুলেন্স ব্যবহার করে ইয়াবা পাচারের সময় ১০ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার রাতে শহরের শহীদ সরণীর জলিলের দোকান মোড় এলাকায় এক ঝটিকা অভিযানে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন মো. একরাম হোসেন (৪৫) ও তার স্ত্রী রুমা আক্তার (৩৮)। তারা বর্তমানে কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার বাসিন্দা হলেও তাদের আদি নিবাস চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখিল এলাকায়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি চক্র অ্যাম্বুলেন্সে করে মাদকের একটি বড় চালান পাচার করছে। এই তথ্যের ভিত্তিতে ডিএনসি কক্সবাজার জেলা কার্যালয়ের একটি টিম জলিলের দোকান মোড় এলাকায় অবস্থান নেয়।অভিযান চলাকালে জেলা সদর হাসপাতালের দিক থেকে আসা একটি সন্দেহভাজন অ্যাম্বুলেন্সকে থামার সংকেত দেওয়া হয়। ডিএনসি কর্মকর্তাদের দেখে চালক দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শুরু হয় ধাওয়া। পরবর্তীকালে ধাওয়া করে গাড়িটি আটকে তল্লাশি চালায় ডিএনসি।
তল্লাশিকালে অ্যাম্বুলেন্সের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। “মাদক পাচারকারীরা নিত্যনতুন কৌশল অবলম্বন করছে। এবার তারা রোগীবাহী গাড়িকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি।” সোমেন মন্ডল, উপ-পরিচালক, ডিএনসি কক্সবাজার। আটককৃত দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক পাচারের এই সিন্ডিকেটের সাথে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন। অভিযুক্তদের আজ আদালতে সোপর্দ করা হতে পারে।
এবিডি.কম / রাজু