এএম লিটন, গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ ব্যাংকপাড়া এলাকা থেকে গত শনিবার (৯ মে ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে মিতু আক্তার (১২), ইমাম মাহদী (৫) ও কাইফা (১২) নামে তিন শিশু নিখোঁজ হলে পরিবারগুলোর মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়। পরে স্বজনরা টঙ্গী পশ্চিম থানায় এসে নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঘটনার পরপরই টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমানের বুদ্ধিমত্তা, তৎপরতা ও বিচক্ষণ দিকনির্দেশনায় একটি চৌকস অভিযানিক টিম উদ্ধার কার্যক্রম শুরু করে। বিভিন্ন স্থানে অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ প্রচেষ্টার পর রবিবার (১১ মে ২০২৬) সকাল আনুমানিক ৬টার দিকে বরিশাল জেলার কাজিরহাট থানাধীন হেশাম উদ্দিন বাজার এলাকায় মিতুর দাদার বাড়ি থেকে নিখোঁজ তিন শিশুকেই সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। টঙ্গী পশ্চিম থানার এমন সফল ও মানবিক অভিযানে স্বস্তি ফিরে এসেছে ভুক্তভোগী পরিবারগুলোর মাঝে। স্থানীয় এলাকাবাসীও পুলিশের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করেছেন।