টোলমুক্ত সেতুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জে তুলকালাম: সড়ক অবরোধে নাকাল যাত্রীরা
আজিজুর ইসলাম স্টাফ রিপোর্টার:
টোল আদায়ের বৃত্ত থেকে মুক্তি চান স্থানীয়রা। দীর্ঘদিনের জমে থাকা সেই ক্ষোভ এবার রূপ নিলো গণ-অবরোধে। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর টোল আদায় বন্ধের দাবিতে আকস্মিক সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দা ও ক্ষুব্ধ যানবাহন চালকেরা। এর জেরে কয়েক কিলোমিটার জুড়ে স্থবির হয়ে পড়ে রাজপথ, চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
আন্দোলনকারীদের অভিযোগ, একটি সেতু নির্মাণের পর বছরের পর বছর ধরে অতিরিক্ত টোল আদায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই বাড়তি টোলের বোঝা সরাসরি গিয়ে পড়ছে সাধারণ মানুষ ও পরিবহন চালকদের পকেটে। দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসলেও কোনো সুরাহা না হওয়ায়, এবার তারা সরাসরি রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
সেতুর খরচ কি আজীবনও শেষ হবে না? এই বাড়তি টোলের অত্যাচার আমরা আর সহ্য করব না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিক্ষুব্ধ চালক।
ভয়াবহ যানজট ও জনদুর্ভোগ বিক্ষোভকারীরা আচমকা সড়কে অবস্থান নিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিলে মুহূর্তের মধ্যে দৃশ্যপট বদলে যায়।
সেতুর দুপাশে চোখের পলকে তৈরি হয় কয়েক কিলোমিটারের দীর্ঘ জটলা।যাত্রী ভোগান্তি: তীব্র গরমে দূরপাল্লার বাস ও সাধারণ যানবাহনে আটকে থাকা নারী, শিশু ও বৃদ্ধদের পোহাতে হয় চরম দুদর্শা।
প্রশাসনের হস্তক্ষেপ ও বর্তমান পরিস্থিতি
পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশাল দল। তারা আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করেন এবং দাবি-দাওয়া নিয়ে আলোচনায় বসেন। দীর্ঘ আলোচনার পর প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে দাঁড়ালে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।