লামায় বিএনপি দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত : নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান :এমপি সাচিং প্রু জেরীর
মোঃমাঈনুদ্দিন বান্দরবান জেলা প্রতিনিধি :
বান্দরবান লামা উপজেলায় ৩০০নং আসনের মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি -এর আগমন উপলক্ষে লামা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ মে) দুপুরে আয়োজিত এ সভায় স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। তিনি বক্তব্যে এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনকল্যাণমূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ শামসুদ্দোহা। ত্রিপিটক পাঠ করেন হ্লাথোয়াই মার্মা এবং গীতা পাঠ করেন বিএনপি নেতা শশবিন্দু ধর। বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে সভার সূচনা সম্প্রীতি ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমির হোসেন সাবেক লামা উপজেলা বিএনপির সভাপতি, আবু তাহের মিয়া আহবায়ক সদস্য বান্দরবান জেলা বিএনপি, আলহাজ্ব নাজেমুল ইসলাম(চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, নাজমুল ইসলাম চৌধুরী সাবেক (চেয়ারম্যান) আহবায়ক সদস্য বান্দরবান জেলা বিএনপি, জাকের হোসেন মজুমদার ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা , ফরিদুল আলম সরই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা , রবিউল হোসেন বিএনপি নেতা , দেলোয়ার হোসেন বাহার সভাপতি লামা উপজেলা শ্রমিক দল এবং দেলোয়ার হোসেন রফিক লামা উপজেলা যুবদল প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, লামা উপজেলার রাজনৈতিক অঙ্গনে গণমানুষের প্রত্যাশা পূরণে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রম সম্প্রসারণে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সভায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, ওলামা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং আগত অতিথিকে স্বাগত জানাতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।