সাদুল্লারচর বাসস্ট্যান্ড যাত্রী ছাউনীর ভিত্তিপ্রস্তর স্থাপন, ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৭৫ হাজার টাকা
নাজমুল ইসলাম নাহিদ ,কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের সাদুল্লারচর বাসস্ট্যান্ডে বহুল প্রতীক্ষিত যাত্রী ছাউনীর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ ১৯ মে, ২০২৬ খ্রি. এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কিশোরগঞ্জ জেলা পরিষদের উদ্যোগ ও বাস্তবায়নে এই যাত্রী ছাউনীটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির মোট চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ৪,৭৫,০০০.০০ (চার লাখ ৭৫ হাজার) টাকা।
ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফিতা কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন।
উদ্বোধনকালে জেলা পরিষদের প্রশাসক মহোদয় বলেন, যাত্রী ছাউনীটি নির্মিত হলে এই অঞ্চলের সাধারণ যাত্রী ও পথচারীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। রোদ-বৃষ্টির হাত থেকে রক্ষা পেয়ে স্বস্তিতে যাতায়াত করতে পারবেন স্থানীয় জনগণ। জেলা পরিষদ জনগণের নাগরিক সুবিধা বৃদ্ধিতে ভবিষ্যতেও এমন উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের এই দাবিটি পূরণ হতে চলায় স্থানীয় এলাকাবাসী ও সাধারণ যাত্রীদের মাঝে ব্যাপক আনন্দ ও সন্তোষ দেখা গেছে।