নিজস্ব প্রতিবেদক।। নাগরিকদের ভূমি সংক্রান্ত সেবা সহজ, দ্রুত এবং সম্পূর্ণ হয়রানিমুক্তভাবে প্রদানের লক্ষ্যে সাভারের আশুলিয়া রাজস্ব সার্কেলে শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমি মেলা-২০২৬”।
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলাটি আজ ১৯ মে (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে, যা আগামী ২১ মে পর্যন্ত চলবে। এবারের মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “ভূমি উন্নয়ন কর দিন, নিয়ম মেনে ভূমির মালিকানা রাখুন নিরাপদে।”
মঙ্গলবার সকালে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, নাগরিকদের সুবিধার্থে মেলায় বিভিন্ন তথ্য ও সেবা বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথ থেকে ই-নামজারি, জমাখারিজ, খতিয়ান (পর্চা), জমির ম্যাপ, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতার সমাধান, অভিযোগ ও পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে। একই সাথে নাগরিকদের অনলাইনে ভূমিসেবা গ্রহণে উৎসাহিত করতে ডিজিটাল সেবার বিভিন্ন দিক ও এর সুফল তুলে ধরা হচ্ছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, দলিলের মাধ্যমে জমির মালিকানা অর্জিত হলেও নামজারি ও জমাখারিজের মাধ্যমে সেই মালিকানা সরকারি স্বীকৃতি পায়। নামজারি না করা থাকলে জমি ক্রয়-বিক্রয়, দান বা হেবা, ভবনের প্ল্যান অনুমোদন এবং ব্যাংক ঋণ গ্রহণসহ নানা ধরণের আইনি ও প্রশাসনিক জটিলতার সৃষ্টি হতে পারে। মেলায় আগত সেবাগ্রহীতাদের ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধের জন্য land.gov.bd পোর্টাল ব্যবহারের বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ভূমি বিষয়ক যেকোনো অভিযোগ বা পরামর্শের জন্য হটলাইন নম্বর ১৬১২২-এ কল করার আহ্বান জানানো হয়েছে।
ভূমি মেলার সার্বিক বিষয়ে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার বলেন, “জনগণের দোরগোড়ায় আধুনিক ও হয়রানিমুক্ত ডিজিটাল ভূমিসেবা পৌঁছে দিতে সরকার নিরল সভাবে কাজ করে যাচ্ছে। এই ভূমি মেলার মাধ্যমে সাধারণ মানুষ কোনো রকম মধ্যস্বত্বভোগী বা দালালের খপ্পরে না পড়ে সরাসরি প্রয়োজনীয় সেবা ও সঠিক তথ্য পাচ্ছেন।”
তিনি আরও জানান,দেশের অভ্যন্তরে থাকা নাগরিকদের পাশাপাশি বিদেশে অবস্থানরত প্রবাসীরাও +৮৮ ০৯৬১২৩ ১৬১২২ নম্বরে যোগাযোগের মাধ্যমে যেকোনো ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। এ ছাড়াও ‘ভূমি/Bhumi’ মোবাইল অ্যাপ ব্যবহার করেও ঘরে বসে অনেক সেবা পাওয়া যাচ্ছে। মেলা উদ্বোধনের পর থেকেই প্রথম দিনে বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই আয়োজন সাধারণ মানুষের মাঝে ভূমিসেবা ও এর ডিজিটাল রূপান্তর সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এবিডি.কম/রাজু