ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি সব সময় আপনাদের বলেছি, এটি আমার শেষ নির্বাচন। আমি আবার বলছি, এটি হয়তো আমার শেষ নির্বাচন। নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতিগুলো আপনাদের দিয়েছি, সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে চাই। বুধবার (২০ মে) সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ ঢালাই অনুষ্ঠানে এসে এ কথা বলেন তিনি৷ মন্ত্রী বলেন, আমি আপনাদের এ এলাকার সন্তান।
আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন। আমাকে কখনো বিমুখ করেননি।আমি যতবার আপনাদের সামনে এসেছি, আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন।
তিনি বলেন, সদর উপজেলাকে ভেঙে আরও দুটি নতুন উপজেলা গঠনের বিষয়ে সরকারের অনুমতি পাওয়া গেছে।
এছাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদনও মিলেছে। মেডিকেল কলেজ স্থাপনের অনুমতিও পাওয়া গেছে। আশা করি, খুব দ্রুত এসবের কাজ শুরু করা সম্ভব হবে। পাশাপাশি ঠাকুরগাঁওয়ে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আনার চেষ্টা চলছে। তিনি এসময় মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।এসময় মসজিদের মুসল্লিরা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন৷