জয়পুরহাটের ক্ষেতলালে খড়ের ফাঁদে মোটরসাইকেল,পিকআপের চাপায় নিহত সালা-দুলাভাই
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সালা ও দুলাভাই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক নারী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১ জুন) দুপুরে ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার-চানপাড়া আঞ্চলিক সড়কের খাড়িতা খড়িকাটা কাঠের সাঁকো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালাই উপজেলার সরাইল গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন খন্দকার (২৮) এবং একই উপজেলার হারুঞ্জা গ্রামের সামছুল ইসলামের ছেলে ফেরদৌস (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমন সরকার তার স্ত্রী ও শ্যালক ফেরদৌসকে নিয়ে মোটরসাইকেলে করে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে দুটি ভুটভুটি ভ্যানকে সাইড দিতে গিয়ে সড়কে ছড়িয়ে থাকা খড়ের ওপর মোটরসাইকেলটি পিছলে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ইমন ও ফেরদৌসের মৃত্যু হয়। মোটরসাইকেলের পেছনে থাকা ইমনের স্ত্রী ছিটকে পড়ে আহত হন।
স্থানীয়রা জানান, ধান কাটার মৌসুমে সড়কে খড় শুকানোর কারণে ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।