আজ সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে ডুমুরিয়া উপজেলা পরিষদের সামনে উপজেলার ১৪টি ইউনিয়নের গ্রাম পুলিশ (দফাদার ও মহল্লাদার) সদস্যদের এই সাপ্তাহিক হাজিরা গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার। হাজিরা গ্রহণ শেষে গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় তিনি গ্রামীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন:
“গ্রামীণ জনপদের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে গ্রাম পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের মাঠ পর্যায়ের চোখ-কান হিসেবে আপনারা কাজ করেন। তাই নিজ নিজ এলাকায় বাল্যবিয়ে, মাদক, জুয়া এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য তাৎক্ষণিকভাবে প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করতে হবে।”
ইউএনও সবিতা সরকার আরও উল্লেখ করেন, এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি যেকোনো নির্দেশনা বাস্তবায়নে গ্রাম পুলিশকে আরও দায়িত্বশীল ও তৎপর হতে হবে। একই সাথে দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে দেন।
হাজিরা প্রদান ও সমাবেশ চলাকালীন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের দফাদার ও মহল্লাদারগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের এই নিয়মিত তদারকি ও দিকনির্দেশনার ফলে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে গ্রাম পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল।
এবিডি.কম/রাজু