প্রান্তিক মানুষের দোরগোড়ায় উন্নয়নের ছোঁয়া: পবায় বাইসাইকেল ও সেলাই মেশিন পেলেন সুবিধাবঞ্চিতরা:
আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
রাজশাহী ৩ জুলাই, ২০২৬
‘উন্নয়ন মানেই কেবল অবকাঠামো নয়, উন্নয়ন মানে প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো।’—এমনই মানবিক অঙ্গীকার নিয়ে রাজশাহীর পবা উপজেলায় বাস্তবায়িত হলো এক মহতী উদ্যোগ। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অস্বচ্ছল শিক্ষার্থী ও পরিবারের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও গৃহনির্মাণের উপকরণ বিতরণ করা হয়েছে।
স্বচ্ছতার অঙ্গীকারে এমপি মিলন
অনুষ্ঠানের প্রধান অতিথি, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে বর্তমান সরকার দেশের প্রতিটি প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য কেবল সহায়তা প্রদান নয়, বরং সরকারি বরাদ্দের শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করে তা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়া। জনগণের দেওয়া ভোটের আমানত রক্ষা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের মূল ব্রত।
২৭ লাখ টাকার উন্নয়ন স্বপ্ন
পবা উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিন মোট ২৭ লাখ ১১ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল:
শিক্ষা সহায়তা: ১৮ জন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং ১২০ জনকে শিক্ষাবৃত্তি।
কর্মসংস্থান: ১২ জনকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন।
আবাসন: গৃহহীন ৪টি পরিবারকে উপহার দেওয়া হয়েছে নতুন বসতঘর।
বাইসাইকেল বদলে দিল রত্নার চলার পথ
অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল শিক্ষার্থী রত্না বিশ্বাসের উচ্ছ্বাস। খৃষ্টানপাড়ার রাজমিস্ত্রির মেয়ে রত্নাকে প্রতিদিন সাড়ে তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে স্কুলে যেতে হতো। সাইকেল হাতে পাওয়ার পর রত্নার চোখেমুখে ছিল বড় স্বপ্ন পূরণের ঝলক। সে জানায়, “আগে হেঁটে স্কুলে যেতে অনেক সময় নষ্ট হতো। এখন মাত্র ১০ মিনিটে সাইকেলে চড়ে স্কুলে পৌঁছাতে পারব। সময় বাঁচিয়ে আমি পড়াশোনায় আরও মনোযোগ দিতে পারব।
ভবিষ্যৎ গড়ার প্রত্যয়
সভাপতির বক্তব্যে পবা উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন বলেন, “এই সহায়তাগুলো শুধুমাত্র বস্তুগত উপহার নয়, এগুলো শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার একেকটি হাতিয়ার। আমরা আশা করি, উপকারভোগীরা এই উপকরণগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রাজ কুমার শাও, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক ও যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমপি মিলন পরিশেষে আশাবাদ ব্যক্ত করে বলেন, পবা-মোহনপুরসহ দেশের প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এই ধারা অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে আরও বরাদ্দ এনে তিনি এই জনপদকে সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।