কালুখালীতে এইচএসসি পরীক্ষায় নকল ও মোবাইল ব্যবহারের দায়ে ৫ পরীক্ষার্থী বহিষ্কার
নাফিজ আহমেদ, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর কালুখালী মহিলা কলেজ কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, নকল ও মোবাইল ফোন ব্যবহারের দায়ে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার (৮ জুলাই, ২০২৬) ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে কালুখালী সরকারি কলেজের ৪ জন ছাত্র এবং ১ জন ছাত্রী রয়েছেন।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টা থেকে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে দায়িত্বরত পরিদর্শকরা কয়েকজন পরীক্ষার্থীর কাছে অবৈধ কাগজপত্র (নকল) এবং মোবাইল ফোন দেখতে পান। পরীক্ষা কেন্দ্রের নিয়ম ও পবিত্রতা লঙ্ঘন করায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মমতাজ বেগম ওই ৫ পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার করেন।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১১টার দিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও তদারকির সময় পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের দায়ে মহিলা কলেজ কেন্দ্র থেকে ৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, এ বছর রাজবাড়ী জেলা জুড়ে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল/বিএমটি) পরীক্ষায় মোট ৯,৩৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।