দেশে ফেরা হলো না কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস ও তাঁর পরিবারের
নাঈম বিশ্বাস কুষ্টিয়া:
ভারতের কলকাতার নিউমার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাংবাদিক দম্পতি ও তাঁদের দুই বছরের শিশুপুত্রসহ কুষ্টিয়ার চারজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট ২০২৬) ভোররাতে ঘটা এই দুর্ঘটনায় মোট নয়জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে কলকাতা পুলিশ।নিহত চার কুষ্টিয়াবাসী হলেন— কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়ার বাসিন্দা ও ‘দৈনিক আজকের আলো’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশিস দত্ত (৩৭), তাঁর স্ত্রী আফসানা শিম্মিন (২৫), দুই বছরের শিশুপুত্র শর্ণশিষ দত্ত এবং কুষ্টিয়া শহরের থানাপাড়ার মো. আকরাম আলী (৬৪)।পারিবারিক সূত্রে জানা যায়, চিকিৎসার উদ্দেশ্যে গত ৩ আগস্ট পরিবার নিয়ে ভারতে যান দেবাশিস দত্ত। বেঙ্গালুরুতে চিকিৎসা শেষ করে বুধবার রাতে তাঁরা বিমানে কলকাতা পৌঁছান এবং মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলে ওঠেন। বুধবারই তাঁদের দেশে ফিরে আসার কথা ছিল। তাঁদের বড় মেয়ে পাখি কুষ্টিয়াতে রয়ে যাওয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে গেলেও সে আজ এক নিমিষে অভিভাবকহীন হয়ে পড়েছে।নিহত দেবাশিস দত্ত কুষ্টিয়া থেকে প্রকাশিত ‘দৈনিক আজকের আলো’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের পাশাপাশি চ্যানেল নাইন ও দৈনিক আজকের খবরের জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।সন্তানহারা মায়ের হৃদয়বিদারক আর্তনাদ— “কালকেও তো ভালো মানুষটা আমার সঙ্গে কথা বলল! এখন আমার কী হবে?” অন্যদিকে শোকে পাথর বাবা দিলীপ দত্ত অশ্রুসজল কণ্ঠে বলেন, “একজন বাবা হয়ে কীভাবে সন্তানের লাশ মেনে নেব?”এদিকে সাংবাদিক দেবাশিস দত্ত ও তাঁর পরিবারের সদস্যদের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি আব্দুর রাজ্জাক ও কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের রিপনসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। তাঁরা এই অপূরণীয় ক্ষতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।