নাঈম বিশ্বাস, কুষ্টিয়া:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের আংদিয়া চড়পাড়া গ্রামে অনলাইন জুয়ার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে রক্তক্ষয়ী গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সুরুজ নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালের দিকে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, অনলাইন জুয়ার কমিশন ও লেনদেনের প্রায় ৮০ লাখ টাকা জমা ছিল অনলাইন জুয়ার ডিলার তপু ও স্থানীয় নেতা আলমের কাছে। এই বিপুল পরিমাণ টাকা ভাগাভাগি নিয়ে আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমের ছোট ভাই আলম ও তার ভাতিজার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন আলমের ভাতিজা ওই টাকার দাবি তুললে আলম তা দিতে অস্বীকৃতি জানান। এর জেরে তপু ও আলমের পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তপুর পিস্তল থেকে নিক্ষিপ্ত গুলিতে সুরুজ আহত হন।ঘটনার পরপরই স্থানীয় লোকজন গুলিবিদ্ধ সুরুজকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, “চাচা-ভাতিজার বিরোধ ও জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্বে গোলাগুলির এই ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ জড়িতদের গ্রেফতারে জোর চেষ্টা চালাচ্ছে।”
ওসি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”
বি:দ্র:ছবি সংগৃহীত ।