ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দ্বীপ সাহা (২৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বারাইহাট এলাকায় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দ্বীপ সাহা ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম কাঁটাবাড়ী গ্রামের দিলীপ সাহার ছেলে।
পরিবারের সদস্য ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রাতে ব্যবসায়িক কাজ শেষে আমবাড়ী থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন দ্বীপ সাহা। বারাইহাট এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে তার মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ওসি শহিদুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।