নিজস্ব প্রতিবেদক।। রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতার মামলার আসামি, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চোরসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে দাঙ্গা সংগঠনের অপরাধে এবং ১০টি মামলার আসামি মো. আল মামুন ওরফে কেচি মামুন (৩৭) এবং দস্যুতা সংগঠনের অপরাধে ৮টি মামলার আসামি রমেশ ত্রিপুরা ওরফে বাপ্পী ত্রিপুরা (৪৪) গ্রেপ্তার হন। এছাড়া মাদক ব্যবসার অভিযোগে মো. শামীম (২৭), শুক্কুর আলী (৩৮) ও মো. বাবু (৩০) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। মাদক সেবনের অপরাধে বিশ্ব নার্থ রবি দাশ (৪০), মো. বাছেদ আলী (৪০), মো. জমির উদ্দিন (৩৮) ও মো. ইউসুফ (৩২) নামে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে চুরির অপরাধে ফরহাদ (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে। রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, দাঙ্গা, চুরি, দস্যুতা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এবিডি.কম/রাজু