সিংড়ায় জবাই করা ৫০ বক উদ্ধার, ৫ জনকে জেল-জরিমানা
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় চলনবিলে শিকার করে জবাই করা ৫০টি বক পাখি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় তিন পাখি শিকারিকে দুই মাস করে কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড এবং দুই সহযোগীকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের সিংড়া-বারুহাস সড়কের আয়েশ এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
দণ্ডপ্রাপ্ত তিন পাখি শিকারি হলেন উপজেলার পাকুরিয়া গ্রামের জনাব আলী (৩৮), বিলপাকুরিয়া গ্রামের কাহার (১৯) ও একই গ্রামের লিটন (৩০)। তাদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া পাখি জবাই করে বস্তায় ভরে বিক্রির কাজে সহযোগিতার অভিযোগে সিংড়া পৌরসভার পারসিংড়া বেদেপল্লীর ভ্যানচালক আবু হানিফ (৪০)কে সাত হাজার টাকা এবং বিলপাকুরিয়া গ্রামের হোসেন আলী (২১)কে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সংগঠনের সদস্যরা।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, কয়েকদিন ধরে একটি চক্র চলনবিলে পাখি শিকার করে ঘটনাস্থলেই জবাই করে বস্তায় ভরে সিংড়া পৌর শহরের পারসিংড়া বেদেপল্লীতে গোপনে বিক্রি করে আসছিল। এ কাজে আবু হানিফ নামের এক ভ্যানচালককে ব্যবহার করা হচ্ছিল।
তিনি বলেন, মঙ্গলবার সকালে ভ্যানচালক বাড়ি থেকে বের হওয়ার পর উপজেলা প্রশাসন ও পরিবেশকর্মীরা তার গতিবিধি অনুসরণ করেন। পরে আয়েশ এলাকায় শিকারিদের কাছ থেকে জবাই করা ৫০টি বক পাখি ভ্যানে তোলার সময় তাদের আটক করা হয়। সাইফুল ইসলাম আরও জানান, ২০১২ সাল থেকে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা বিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করে আসছেন। ভোরে কাদামাটি মাড়িয়ে বিলের দুর্গম এলাকায় গিয়ে পাখি শিকার বন্ধের পাশাপাশি বিলপাড়ের মানুষকে সচেতন করা হচ্ছে।