লিয়াকত হোসেন রাজশাহী: ঢাকা-কলকাতা রুটে চলাচল করছে মৈত্রী এক্সপ্রেস, আর খুলনা-কলকাতা রুটে চলছে বন্ধন এক্সপ্রেস। এবার রাজশাহী-কলকাতা রুটে চালু হতে যাচ্ছে ট্রেন সার্ভিস। গতকাল রেলভবনে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাসের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন। এ বৈঠকে ভারতের পক্ষ থেকে রাজশাহী থেকে মালদহ হয়ে কলকাতা পর্যন্ত একটি আন্তঃদেশিক ট্রেন চালু করার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।
উভয় পক্ষের আলোচনা শেষে সিদ্ধান্ত হয় যে বাংলাদেশ এবং ভারতের যৌথ ওয়ার্কিং গ্রুপ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। গতকাল রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বৈঠকে বাংলাদেশের চলমান ভারতীয় অর্থায়নে যেসব প্রকল্প চলছে সেগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও রেলপথ মন্ত্রীর ভারত সফরে যে সকল বিষয়ে উভয় দেশের মধ্যে সমঝোতা হয়েছিল সেসব বিষয়ে অগ্রগতি পর্যালোচনা করা হয়।