আহসান টিটু,বাগেরহাট জেলা সংবাদদাতা : বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ঐক্যমতের ভিত্তিতে শেখ আক্তারুজ্জামান বাচ্চুকে পূনরায় সভাপতি ও মোল্লা আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। এই কমিটি আগামী তিন বছরের জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবে।
এর আগে সকালে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে সম্মেলনের উদ্বোধন করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজ্জাম্মেল হোসেন এমপি। প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
সম্মেলনে বক্তারা বলেন, ষড়যন্ত্রকারীরা অনেক শক্তিশালী। তাদের লোক আওয়ামী লীগের মধ্যে ঢুকে ষড়যন্ত্র করবে। দলে ঢুকে আওয়ামী লীগের পরিচয় দিয়ে অপকর্ম করবে, তা মেনে নেয়া হবে না।
তারা বলেন, দলের নেতা-কর্মীদের বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ বুকে লালন করতে হবে। দলে চাঁদাবাজ, মাদকের সঙ্গে জড়িত, টেন্ডারবাজ, অন্যের বাড়ি দখলকারী ও দুর্নীতিবাজরা স্থান পাবে না।
নেতাকর্মী প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নেতারা বলেন, ‘‘শেখ হাসিনার চোখের ভাষা বুঝতে হবে। শেখ হাসিনা যা বলেন, তা করতে হবে। কারণ শেখ হাসিনা বাঁচলে আমরা বাঁচবো।’’
বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, বাগেরহাট-২ আসনের তরুণ সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান প্রমুখ