নিজস্ব প্রতিবেদক।। যশোরে আয়োজিত এক বিশাল জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে বলেছেন, একটি বিশেষ দল সকাল-বিকাল মিথ্যা কথা বলে জনগনকে বিভ্রান্ত করছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর সদর উপজেলার উপশহর কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি জামায়াতে ইসলামীর আমিরের অ্যাকাউন্ট থেকে প্রচারিত নারী বিদ্বেষী বক্তব্য প্রসঙ্গে তারেক রহমান বলেন, “আপনারা বলছেন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা প্রমাণ করেছেন কোনো হ্যাক হয়নি। বাঁচার জন্য আপনারা মিথ্যা বলছেন।” তিনি আরও যোগ করেন, যারা নির্বাচনের আগে মিথ্যা বলে, তারা নির্বাচনের পরে কী করবে তা সহজেই অনুমেয়। ইসলামে নারীর মর্যাদার উদাহরণ টেনে তারেক রহমান বলেন, “আমাদের প্রিয় নবী (সা.)-এর স্ত্রী বিবি খাদিজা (রা.) একজন সফল ব্যবসায়ী ও কর্মজীবী নারী ছিলেন। বদরের যুদ্ধেও নারীদের অবদান ছিল অনস্বীকার্য। অথচ জামায়াত নারীদের ঘরের কোণে বন্দি করে রাখতে চায়।”
ক্ষমতায় গেলে নতুন প্রতিশ্রুতিনির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে তারেক রহমান যশোরের জনসভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দেন: ফ্যামিলি কার্ড: ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারের মা বা গৃহিণীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দেওয়া হবে। কৃষি সহায়তা: কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ এবং স্বল্প সুদে নতুন ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে। শিক্ষা ও কর্মসংস্থান: নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি শিক্ষার ধারা অব্যাহত রাখা এবং আইটি পার্ক স্থাপনের মাধ্যমে যুবকদের দক্ষ করে তোলা হবে। ভাতা প্রদান: ইমাম, মুয়াজ্জিনসহ সকল ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য রাষ্ট্রীয় সম্মানি ভাতার ব্যবস্থা করা হবে।
তারেক রহমান দেশের অর্থনীতিতে গার্মেন্টস নারী শ্রমিকদের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়। তিনি আরও অভিযোগ করেন, একটি মহল এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহের নামে নতুন ষড়যন্ত্র শুরু করেছে এবং ভোট গণনা নিয়ে ধূম্রজাল তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
বক্তব্য শেষে তারেক রহমান বৃহত্তর যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ২২টি আসনের ধানের শীষের প্রার্থীদের জনসমক্ষে পরিচয় করিয়ে দেন এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তাদের বিজয়ী করার আহ্বান জানান। এর আগে খুলনা থেকে হেলিকপ্টার যোগে যশোরে পৌঁছালে তাকে বিপুল সংবর্ধনা জানানো হয়। জনসভা শেষে তিনি জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান। যশোর জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এবিডি