নিজস্ব প্রতিবেদক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাদক, সন্ত্রাস, দুনীতি দূর করে দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে একথা বলেন তিনি। মাদক ও দুনীতির বিরুদ্ধে চলা অভিযান অব্যাহত রাখার কথাও বলেন তিনি। এসময় অসৎপথের আয়কে বর্জন করে সৎ পথে চলতে ও দেশের মানুষের জন্য কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন উপলক্ষে রাজধানীর সোহরাওয়াদী উদ্যানে এ আয়োজন। জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তোলন করা হয় সংগঠনের ৭৯ টি সাংগঠনিক জেলার পতাকা।
সম্মেলন মঞ্চে দাঁড়িয়ে নেতাকর্মীদের অভিবাদন জানান আওয়ামী লীগ সভানেত্রী। পরে উপভোগ করেন সাংস্কৃতিক পরিবেশনা।
এসময় শেখ হাসিনা বলেন, যারা দেশের স্বাধীনতা চায়নি তারাই বাংলাদেশর চেতনাকে পঁচাত্তরে ধ্বংস করতে চেয়েছে। জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া পর্যন্ত সবাই দুর্নীতিতে জড়িত। তাই এরা যেন আর কখনো ক্ষমতায় আসতে না পারে সেদিকে দেশের মানুষকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, জনগণের টাকা চুরি করে বিলাসী জীবন মানুষ মেনে নেবে না। দুর্নীতিবাজ, চাঁদাবাজদের রাজনীতিতে স্থান না দেয়ার নির্দেশ দেন তিনি।
এসময় পিঁয়াজের বাজার নিয়ে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সংকট মোকাবেলায় কার্গো বিমানে পিঁয়াজ আমদানি করে মানুষের চাহিদা পূরণ করার উদ্যোগ নিয়েছে সরকার। বাজার কারসাজির সাথে কেউ জড়িত আছে কি না তাও খুঁজে বের করা হবে।
ত্যাগের আদর্শ নিয়ে রাজনীতি করতে স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের নির্দেশনা দেন শেখ হাসিনা।