ব্যবসায়ীরা জানান, শনিবারের তুলনায় দেশি ও আমদানি করা পেঁয়াজ কেজিপ্রতি কমেছে ১০-১৫ টাকা। দেশি পেঁয়াজ ২১০, মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ ২শ’ আর মিশর থেকে আমদানি করার পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮৫ টাকা দরে।
এক ব্যবসায়ী বলেন, ‘বার্মার পেঁয়াজ শেষ হয়ে গেছে। মিশরের পেঁয়াজটা আসতে ১০-১৫ দিন সময় লাগে।’
বাজার নিয়ন্ত্রণে রাজধানীর ৩৫টি পয়েন্টে ট্রাকে করে পেয়াজ বিক্রি করছে টিসিবি। তবে, দুপুরের আগে কার্যক্রম শুরু না হওয়ায় লম্বা লাইনে দাঁড়িয়ে বিড়ম্বনায় পড়েন সাধারণ ক্রেতারা।
ক্রেতারা জানান, ‘সকাল ৮টা থেকে লাইনে আছি। কিন্তু দুপুর হওয়ার পরও টিসিবির ট্রাক আসেনাই। আজকের মতো আরও একদিন এসে পেঁয়াজ না পেয়ে চলে গেছি।’
এক ক্রেতা বলেন, ‘আট হাজার টাকা বেতন পাই। ২৫০ টাকা পেঁয়াজ কিনে সংসার চালাতে পারবনা।’
দাম কমতে শুরু করেছে ঢাকার বাইরের জেলা শহরগুলোতেও। রংপুর, রাজশাহীসহ বিভিন্ন জেলায় দাম কমেছে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত। তবে, খুলনায় বিক্রি হচ্ছে আগে দরেই।























































