আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাজধানীর টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট প্রায় দেড়ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছে।
আজ (বুধবার) বিকেল ৫টা ১৭ মিনিটে এই আগুন লাগে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার পলাশ চন্দ্র আগুন নিয়ন্ত্রনের খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পাঠানো হয়। পরে ঘটনাস্থল থেকে আরও ইউনিট চাইলে প্রথমে ৬টি পরে আরো ২টি গাড়ি পাঠানো হয়।
এতে আগুন নিয়ন্ত্রন না আসলে পরে আরও তিনটি ইউনিট যুক্ত করা হয়। আগুন নিয়ন্ত্রণে মোট ২৫টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিসের ২৫ টি ইউনিটের চেষ্টায় প্রায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কর্মীরা এখন রাজধানী সুপার মার্কেট থেকে আগুনের ধোঁয়া বের করে দেওয়ার চেষ্টা করছেন।
ব্যবসায়ীরা জানান, বিক্রমপুর ওয়েল্ডিং নামের দোকান থেকে আগুনের ফুলকি থেকে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে আমরা ছোটাছুটি শুরু করি। মার্কেটের যে পাশে আগুন লেগেছে সেখানে বেডশিট, কাপড়, টেইলার্সের প্রায় ৩০-৩৫ টি দোকান ছিল। পরে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।