আামদেরবাংলাদেশ ডেস্ক।। সর্বত্রই ব্যর্থ হয়ে সরকার দেশ পরিচালনায় সম্পূর্ন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বলে অভিযোগ করেছে বিএনপি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশে এ অভিযোগ করেন দলটির সিনিয়র নেতারা। আইনি প্রক্রিয়া ছেড়ে খালেদা জিয়ার মুক্তি রাজপথের আন্দোলনেই সুরাহা করার কথা জানান নেতারা। সরকার বিরোধী গণঅভ্যুত্থান গড়ে তুলতে নেতাকর্মীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি নেতারা।
দুর্নীতি মামলায় সাজা নিয়ে ২১ মাস ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার মুক্তির দাবিতেই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ করে দলটি। মামলা আর গ্রেফতার আতংক উপেক্ষা করে সমাবেশে যোগ দেন ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই সরকার জনগণের নির্বাচিত সরকার নয়, তারা সম্পূর্ণ অবৈধভাবে জোর করে ক্ষমতায় বসে আছে। তাদের সমর্থন দেশের মানুষের নয়। তাদের অস্ত্র ভিন্নখানে যারা তাদের ক্ষমতায় রেখেছে।’
এরপর আর সমাবেশের অনুমতি নেবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজকের এই সমাবেশের অনুমতি দিয়েছে সকাল দশটার সময়। এখন থেকে আমাদের সমাবেশ আমরা যখন প্রয়োজন হবে করবো। আমরা রাজপথে নামবো, এটা আমাদের অধিকার। আমাদের সাংবিধানিক অধিকার যে আমি প্রতিবাদ করতে পারবো।
শনিবার রাতে নিহত ‘বিএনপি পাগল রিজভী হাওলাদারের’ কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, তিনি ছিলেন আমাদের একজন নিবেদিত প্রাণ কর্মী। সারাক্ষণ এই কার্যালয়ের সামনে থেকে তিনি আমাদের নেত্রীর মুক্তি চাইতেন, গণতন্ত্রের মুক্তি চাইতেন।
সমাবেশে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, যে মামলায় খালেদা জিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই সেই মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। সবাই মিলে একযোগে অপপ্রচার করেছে এতিমের টাকা নাকি মেরে খাওয়া হয়েছে। অথচ একটি টাকাও খরচ হয়নি। সব টাকা ব্যাংকে রয়েছে। অতএব এতিমের টাকা মারার কোনো প্রশ্নই ওঠে না।
এসময় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, আপনারা কি খালেদা জিয়ার মুক্তিতে আন্দোলন করবেন না এই সরকারের পতনের আন্দোলন করবেন? আমি বলতে চাই, এই সরকারের পতন না হলে খালেদা জিয়ার মুক্তি মিলবে না।
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে বন্দি বেগম খালেদা জিয়া। বারবার স্বাস্থ্যের অবনতি হলেও সরকারের বাধায় তার সুচিকিৎসা হচ্ছে না বলেও জানান বিএনপি নেতারা।
তারা বলেন, জবাবদিহিতার অভাবে সুশাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়ে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে সরকার। আইনি প্রক্রিয়ার আশা ছেড়ে খালেদা জিয়ার মুক্তিতে রাজপথে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন দলটির নীতি নির্ধারণী ফোরামের নেতারা।
বেগম জিয়ার মুক্তির আন্দোলন সফল করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে রাজপথে সোচ্চার হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে।