আমাদেরবাংলাদেশ ডেস্ক।। জঙ্গিগোষ্টি আইএসের দৃষ্টি আকর্ষণ করতেই গুলশানে হলি আর্টিজানে জঙ্গিরা নৃশংস হামলার ঘটনা ঘটিয়েছেন বলে আদালতে পর্যবেক্ষণ দিয়েছেন বিচারক। আজ রায় ঘোষণার সময় বিচারক বলেন, দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে ক্ষুন্ন করতেই আসামিরা এই হামলার ঘটনা ঘটায়।
হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলার সাত আসামিকে মৃত্যুদন্ড দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মজিবুর রহমান।
এদিকে এজলাসে ‘আইএসের টুপি’ পরার বিষয়টি তদন্ত করা উচিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
তিনি বলেন, ‘এদেশে আইএস’র কোনো অস্তিত্ব নেই। জঙ্গিরা বিক্ষিপ্তভাবে পরিকল্পনা করে এ হামলা চালিয়েছে। দেশের ভাবমূর্তি নষ্ট করেতে তারা এটি চালিয়েছে।’
মামলার সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র্যাশ, সোহেল মাহফুজ, হাদিসুর রহমান সাগর, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ। তবে মিজানুর রহমান ওরফে বড় মিজানকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা। তাদের হামলায় দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন। পরে কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়।