ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের মধ্যকার আন্তঃসেশন ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯-এ ২৯ তম ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ২৮ তম ব্যাচ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে ২৯ তম ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ২৯ তম ব্যাচ। ১৩ ওভারে তারা সংগ্রহ করে ৯২ রান।
জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ২৮ তম ব্যাচ। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে অধিনায়ক মুসলিম উদ্দিন। ২৮ তম ব্যাচের পক্ষে ৪ টি উইকেট নেয় সাগর আলী।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুন। খেলা শেষে তিনি বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের ট্রফি ও পুরষ্কার তুলে দেন।
এসময় তিনি বলেন, ‘সারাদেশের বিশ্ববিদ্যালয় গুলোতে যখন শিক্ষার্থীদের মাঝে অসহিষ্ণুতা বিরাজ করছে। জুনিয়র সিনিয়রদের মাঝে র্যাগিংয়ের সম্পর্ক বিরাজমান, সেখানে এমন একটি সুষ্ঠু আয়োজন সকলের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। এর মাধ্যমে সকলের মাঝে সুসম্পর্ক বৃদ্ধি হবে বলে আমি আশাবাদী।’
উল্লেখ্য, আইন বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে গত ১৫ নভেম্বর এ টুর্নামেন্ট শুরু হয়। এতে বিভাগের ২৭ তম ব্যাচ (২০১৪-১৫ শিক্ষাবর্ষ) থেকে ৩১ তম (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) ব্যাচ পর্যন্ত মোট ৫ টি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।