জুলাই যোদ্ধা পরিচয়ে নারী নিয়ে এলাকায় অপকর্ম, ধরা খেয়ে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা নিউজ ও মামলার হুমকি
মোস্তাবিন সিয়াম, বিশেষ প্রতিনিধি:
বিশ্ববিদ্যালয় সংলগ্ন আবাসিক এলাকায় কথিত ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ের আড়ালে অপকর্ম পরিচালনা ও ভুয়া বিবাহ দাবি করার ঘটনা ঘটেছে। অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকা এবং পরবর্তীতে তা ভুয়া প্রমাণিত হওয়ায় অভিযুক্ত যুবক ও তার সহযোগীদের বাসা থেকে উচ্ছেদ করেছে বাড়ির মালিক ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ ঘটনায় অভিযুক্ত ‘নির্লজ্জ শুভ’ নামের ওই যুবক নিজের অপকর্ম আড়াল করতে উল্টো সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা নিউজ প্রকাশ ও মামলার হুমকি দিচ্ছে বলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ক্যাম্পাস ও স্থানীয় সাধারণ শিক্ষার্থীরা।
অনুসন্ধানে ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নির্লজ্জ শুভ গত ৬-৭ মাস পূর্বে এক তরুণীকে (স্বজনী আক্তার রুমি) বিয়ে করেছেন বলে দাবি করে বিশ্ববিদ্যালয় এলাকার একটি বাসা ভাড়া নেন। কিন্তু সম্প্রতি তাদের আচার-আচরণ ও সন্দেহজনক কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিবাহ সংক্রান্ত বৈধ কাবিননামা দেখতে চান। তবে শুভ ও তার সাথে থাকা তরুণী কোনো বৈধ কাবিননামা বা সরকারি রেজিস্ট্রিভুক্ত বিবাহের কাগজ দেখাতে ব্যর্থ হন। তারা কেবল একশত টাকার স্ট্যাম্পে করা একটি ‘নোটারি পাবলিকের বিবাহের হলফনামা’ প্রদর্শন করেন, যা আইনগত ও শরীয়তসম্মতভাবে বিবাহের কোনো বৈধ দলিল নয়।
ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, সাধারণ শিক্ষার্থী, বাড়িমালিক এবং এলাকাবাসী উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখেন। দীর্ঘ তদন্তে নির্লজ্জ শুভ ও তার সহযোগীদের অনৈতিক ও সন্দেহজনক অবস্থান স্পষ্ট হলে, বাড়িমালিক ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে আপোষ-মীমাংসার মাধ্যমে ১৮ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে তাদের বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে গৃহীত সিদ্ধান্তের আলোকেও অভিযুক্ত ব্যক্তি একটি ভিডিও বার্তায় স্বীকার করে যে, প্রক্টরিয়াল বডি, এলাকাবাসী ও ছাত্র সংসদের উপস্থিতিতেই বিষয়টি নিষ্পত্তি হয়েছে এবং তারা বাড়ি ছেড়ে দিচ্ছে।
বাসা থেকে উচ্ছেদের পর ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত নির্লজ্জ শুভ নিজেকে কথিত ‘জুলাই যোদ্ধা’ হিসেবে জাহির করে ক্যাম্পাস ও সাধারণ শিক্ষার্থীদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচারে লিপ্ত হয়। সে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের নামে মিথ্যা নিউজ প্রকাশ করায় এবং সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করার ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা ‘দৈনিক আমাদের বাংলাদেশ’ পত্রিকা ও গণমাধ্যমের কাছে তাদের নিরাপত্তার বিষয়ে চরম উদ্বেগ প্রকাশ করে বলেন, “অভিযুক্ত নির্লজ্জ শুভ একজন উচ্ছৃঙ্খল ও অপকর্মের সাথে জড়িত ব্যক্তি। সে ভুয়া পরিচয়ে এলাকায় অবস্থান করে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করছিল। এখন অপকর্ম ধরা পড়ার পর সে উল্টো আমাদের নিষ্পাপ শিক্ষার্থীদের হুমকি-ধামকি দিচ্ছে এবং মিথ্যা মামলায় ফাসানোর ষড়যন্ত্র করছে। সে যেকোনো সময় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ওপর বড় ধরনের হামলা বা ক্ষতি সাধন করতে পারে।”
শিক্ষার্থীরা অনতিবিলম্বে এই চিহ্নিত প্রতারক ও অপপ্রচারে লিপ্ত যুবকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও দেশবাসীর কাছে বিনীত আকুতি জানিয়েছেন।