মোঃ আল-আমিন।।
ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের বিকনা এলাকার বাদামতলায় আর্থিক সংকটের মাঝেও স্থানীয় যুবকদের প্রচেষ্টায় খানবাড়ী নূরানী মাদ্রাসায় কুরআন শিক্ষা চলছে। এই মহৎ উদ্যোগকে উৎসাহিত করতে এবং সহযোগিতার জন্য এলাকাবাসী সমাজের স্বচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানিয়েছে।
মাদ্রাসাটিতে প্রায় ৩০ জন ছাত্র-ছাত্রী নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা অর্জন করছে। মাদ্রাসার সভাপতি মোঃ আরিফ খাঁন জানান, ৩০ বছর আগে আমার বাপ দাদা বাসন্ডা নদীর পূর্ব পাড়ে ২৩ শতাংশ জমি মাদ্রাসার নামে দান করেন। এরপর কয়েক বছর মাদ্রাসাটি তারাই পরিচালনা করেন। কিন্তু স্থানীয় কিছু জটিলতার কারণে মাদ্রাসার কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এলাকার যুব সমাজের প্রচেষ্টায় মাদ্রাসাটি ২০১৮ সালে পুনরায় চালু করতে সক্ষম হই।
বর্তমানে আর্থিক সংকটের কারণে মাদ্রাসাটির নিজস্ব কোন ঘর নেই। গত এক বছর ধরে মাদ্রাসা সংলগ্ন একটি বাড়ি ভাড়া করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমার নিজস্ব প্রচেষ্টায় ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে বই প্রদান করছি। কিন্তু আল্লাহর রহমতে মাদ্রাসাটির শিক্ষার্থী বেড়ে যাওয়ায় নিজস্ব আসবাবপত্র না থাকায় এটি পরিচালনা কষ্টদায়ক হয়ে পরেছে। সভাপতি আরিফ খাঁন এই মাদ্রাসাটি উন্নয়নে জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানসহ সবার সহযোগিতা কামনা করেছেন বলে তিনি জানান।