আমাদেরবাংলাদেশ ডেস্ক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সর্বস্তরে দক্ষতার পরিচয় দিয়ে বাংলাদেশের নারীরা বিশ্ব দরবারে দেশের মুখ উজ্জ্বল করছে। আজ (সোমবার) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় শেখ হাসিনা বলেন, দেশের নারীদের আজকের এই অবস্থানের পেছনে বেগম রোকেয়ার অসামান্য অবদান রয়েছে।
তিনি বলেন, নারী ও শিশুদের ওপর নির্যাতন মানসিক ব্যাধির মত ছড়িয়ে পড়েছে। শুধু আইনের ওপর নির্ভরশীল না থেকে এর বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দেশের নারীরা বিশ্ব দরবারে দক্ষতার পরিচয় দিচ্ছে জানিয়ে নতুন নারী উদ্যোক্তা তৈরির নির্দেশও দেন শেখ হাসিনা। এবার পাঁচজন বিশিষ্ট নারী ব্যক্তিত্ব পান রোকেয়া পদক।
বেগম রোকেয়া দিবস ২০১৯ উপলক্ষ্যে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই দেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ৫ জনকে বেগম রোকেয়া পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।
পদকপ্রাপ্তদের ধন্যবাদ জানান শেখ হাসিনা। দেশে নারীর ক্ষমতায়নে সরকারের নেয়া নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বেগম রোকেয়ার দেখানো পথ অবলম্বন করে সর্বস্তরে দক্ষতার পরিচয় দিচ্ছে দেশের নারীরা।
নারীদের জন্য সবক্ষেত্রে বিশেষ সুযোগের ব্যবস্থা থাকবে জানিয়ে নারী উদ্যোক্তা তৈরির আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যে মেয়েদের আরও এগিয়ে আসতে হবে।
সম্প্রতি শিশু ও নারীদের ওপর নির্যাতন বেড়েছে মন্তব্য করে এর বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে নারী পুরুষ উভয়কেই উদ্যোগী হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।
মেয়েদের অধিকার প্রতিষ্ঠায় সরকার বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে নারী পুরুষের কাজ করার সমান সুযোগ সৃষ্টির নির্দেশও দেন প্রধানমন্ত্রী।
এর আগে সকালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ওসমানি স্মৃতি মিলনায়তন আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।