আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন-সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক এবং সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যে হামলা হয়েছে তা নিন্দনীয়। হামলার সঙ্গে জড়িত সকলকে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দলের পক্ষ থেকে এ হামলায় তীব্র নিন্দা জানাচ্ছি।
সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সাম্প্রতিক ইস্যুতে প্রেস ব্রিফিং এসব কথা জানান তিনি।
হামলার বিষয়ে কাদের বলেন, এ ধরণের ঘটনায় সরকার বিব্রত হয়েছে। তবে কোনো ঘটনাতেই নির্বিকার থাকেনি সরকার। ঘরের লোক দলের লোকের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে। অনুপ্রবেশকারীরাও অনেক সময় অবাঞ্ছিত ঘটনা ঘটায়। সার্বিক বিষয়গুলো সিরিয়াসলি দেখা হচ্ছে। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ সরাসরি আমাদের দলের সঙ্গে জড়িত নয়। মঞ্চের একজন ছাত্রলীগ থেকে বহিষ্কৃত। এ ধরনের নিন্দনীয় ঘটনা যারা ঘটায় তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়টা শেয়ার করেছি।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু