ইবি সংবাদদাতা।। গত ২১ জানুয়ারী (মঙ্গলবার) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের তদন্ত করবে কেন্দ্র। কমিটিতে কেন্দ্রীয় সহ-সভাপতি নজরুল ইসলাম ও সমাজ সেবা বিষয়ক সম্পাদক শেখ স্বাধীন শাহেদকে সদস্য করা হয়েছে। একই সাথে আগামী ১০ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এদিকে ঘটনার দিনেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরিনকে আহ্বায়ক করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোষ্ট অধ্যাপক ড. তপন কুমার জোয়াদ্দার এবং বায়টেকনোলজি বিভাগের অধ্যাপক আবু হেনা মোস্তফা জামালকে সদস্য করা হয়েছে। সাথে আগামী সাত কার্য দিবসের মধ্যে তাদের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বরাবর প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি দুই দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরেছিল ইবি শাখা ছাত্রলীগের দুই গ্রুপ। এতে সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব গুরুতর আহত হয়েছেন। তার মাথায় ৮টি সেলাই দেয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়াও দু’গ্রুপের অন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা ছিল গুরুতর।