আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সরকারকে টেনে নামাতে গিয়ে বিএনপি নিজেই আর উঠে দাঁড়াতে পারছে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ (রোববার) দুপুরে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর সম্মেলন কক্ষে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। সরকার পতনের প্রসঙ্গে বিএনপির সাথে মিলে ডক্টর কামাল হোসেন যে ভাষায় কথা বলেছেন তা শোভন নয় বলেও জানান তিনি।
হাছান মাহমুদ খন্দকার বলেন, ‘ড. কামাল হোসেন যে মাপের লোক, তার মুখ দিয়ে এরকম কথা বলাটা মোটেই শোভা পায় না। এরপরেও তিনি এমন কথা বলেছেন। ওনার নিজের দলের দিকে নজর দেওয়া উচিত। টালমাটাল অবস্থা ওনার দলের। এখন তিনি অন্যদলের সমাবেশে গিয়ে আগুন ঝরা বক্তব্য দেন। যা মোটেই কাম্য নয়।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ড. কামাল হোসেন সমাবেশে যেভাবে কথা বলেছেন, তাতে তারা আইন ও আদালতকে বৃদ্ধাঙ্গলি দেখিয়েছেন। কারণ বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার এখতিয়ার সরকারের নেই। এটি তারা ভালো করেই জানেন। এরপরেও তারা এমন বক্তব্য দিচ্ছেন। কারণ তারা আইন ও আদালত তো মানেন না।’
মন্ত্রী বলেন, ‘বিক্ষোভ সমাবেশ তারা করতেই পারেন। তবে ভাষাগুলোর ব্যাপারে আরও সংযত হওয়া দরকার।’
গতকাল (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির সমাবেশে ড. কামাল হোসেন বলেছিলেন, ‘সরকারকে টেনে রাস্তায় নামালে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে সরকার।’
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) আয়োজনে ৮ বিভাগের ২৪ জন সাংবাদিকের প্রশিক্ষণ উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। এসময় প্রশিক্ষণরত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা বাসসের সাংবাদিক। আপনারা নাগরিকদের হতাশাগ্রস্ত তথ্য দেবেন না। কারণ হতাশাগ্রস্ত তথ্য দিয়ে রাষ্ট্রকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। আশাবাদী তথ্য প্রচার করে দেশ ও জাতিকে এগিয়ে নেবেন। দেশের অগ্রগতির কথাগুলো মানুষকে জানাবেন। মানবিক হওয়ার কথাগুলো লিখবেন। সমাাজের অসঙ্গতি ও সুবিধাবঞ্চিত লোকদের কথাগুলোও বলবেন এবং তুলে ধরবেন। আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ গড়তে আপনারা কাজ করবেন।’