আমাদেরবাংলাদেশ ডেস্ক।। জাতীয় সংসদের শূন্য তিনটি আসনের উপ-নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ শেষে জমা দিয়েছেন ৪৬জন প্রার্থী। আর বিএনপিতে এখন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৬ জন। এদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মননোয়ন চেয়েছেন ২০ জন।
আরওঃ তাপসের আসনে মনোনয়ন চান সাঈদ খোকন
ঢাকা-১০ সংসদীয় আসনসহ শূন্য হওয়া তিনটি আসনে বড় দুই দলের মনোনয়ন পেতে আগ্রহীরা সংগ্রহ করছেন দলীয় ফরম। জমাও দিয়েছেন। আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন ছিলো শুক্রবার। ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে এদিনও মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ করেন ও জমা দেন।
ঢাকা-১০ আসনে দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকনসহ ১০জন প্রার্থী মননোয়ন ফরম সংগ্রহ শেষে জমা দিয়েছেন। এছাড়া বাগেরহাট-৪ আসনের জন্য ১১জন ও গাইবান্ধা-৩ আসনের জন্য ২৫ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় ফরম জমা দেন।
এছাড়া, চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান মেয়র আ জ ম নাছিরসহ ২০ জন মনোনয়ন প্রত্যাশী।
এদিকে, সংসদীয় তিনটি আসনের উপনির্বাচনের ফরম সংগ্রহ নিয়ে শুক্রবার দিনভর ব্যস্ত ছিলো বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। সকাল থেকে আগ্রহী প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে সেখানে ভিড় করেন।
এদিন, ঢাকা-১০ আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন শেখ রবিউল ইসলাম রবি, গাইবান্ধা-৩ আসন থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম ও অধ্যাপক মঈনুল হাসান সাদিক এবং বাগেরহাট-৪ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কাজী খায়রুজ্জামান সিপন।
চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপি অংশ নেয়ার ঘোষণা দিলেও এখনো মনোনয়ন ফরম বিক্রি শুরু করেনি।