ঢাকা।। রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে গণমাধ্যমে অপপ্রচারের অভিযোগে অজ্ঞাত একজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার মুগদা থানায় এই সাধারণ ডায়েরি করা হয়।
মুগদা জেনারেল হাসপাতালের অধ্যক্ষ ও পরিচালক ডাক্তার শাহ গোলাম নবী এই ডায়েরি করেন। এতে উল্লেখ করা হয়, গত কয়েকদিন যাবত অজ্ঞাত এক ব্যক্তি কোভিড-১৯ রোগী হিসেবে হাসপাতালে ভর্তি ছিলেন দাবি করে বেশ কয়েকটি টিভি চ্যানেলে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করছেন। মুগদা হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার প্রয়াসকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে বলেও এতে অভিযোগ করা হয়।
সাধারণ ডায়েরিতে আরও উল্লেখ করা হয়- চিকিৎসাধীন কোনও রোগীর মৃত্যু হলে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ এবং সংশ্লিষ্ট সংস্থা ও থানাকে জানিয়েই মৃতের সৎকারের ব্যবস্থা করা হয়। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তারা।