স্টাফ রিপোর্টার যশোর।। পুলিশ সুপার হিসাবে পদোন্নতি হয়েছে যশোরের পরিচতি মুখ রেশমা শারমিনের। তিনি সিআইডি যশোর জোনের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করছিলেন। গত বৃহস্পতিবার এসপি হিসাবে পদোন্নতি লাভের পর যশোর পিবিআইয়ে পোস্টিং হয়েছে। কিছু দিনের মধ্যে তিনি ওই দায়িত্ব বুঝে নেবেন।
রেশমা শারমিন চার বছর ধরে যশোর সিআইডির প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। এর আগে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হিসাবে দুই বছর দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি যশোরে ছিলেন। যশোরেও অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
এই সময় তিনি যশোরে মূলত ছিলেন পুলিশের মুখপাত্র। যে কোনো সংবাদ বিষয়ে যশোরের সংবাদকর্মীরা তার স্মরণাপন্ন হতেন এবং তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। যে কারণে যশোরের মানুষের কাছে বিশেষ করে সংবাদ কর্মীদের কাছে তিনি অতি পরিচিত মুখ।
পিবিআই এর বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে পিবিআইর দায়িত্ব এখন থেকে পুলিশ সুপার পদমর্যাদার অফিসার দায়িত্ব পালন করবেন। ফলে তাকে ওই স্থান থেকে সরে যেতে হবে। সরকারিভাবে তাকে যেখানে বদলি করা হবে তিনি সেখানে যাবেন। আর পিবিআই যশোরের দায়িত্ব নতুন পুলিশ সুপার রেশমা শারমিন পেয়েছেন বলে তিনি জানিয়েছেন।
রেশমা শারমিন আমাদেরবাংলাদেশ ডটকমকে জানিয়েছেন, এবার তিনি পুলিশ সুপার হিসাবে পিবিআই এর দায়িত্ব পালন করবেন। যে কোনো সময়ে তাকে ওই বিভাগে যোগদান করতে হবে। পিবিআই বেশ গতিশীল একটি বিভাগ। ওই গতি তিনি অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। এজন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।