আমাদেরবাংলাদেশ ডেস্ক:বরিশালের গৌরনদী উপজেলায় গরুবোঝাই ট্রাক উল্টে ঘটনাস্থলেই পাঁচটি গরু মারা গেছে।এ দুর্ঘটনায় ট্রাকে থাকা দুই গরু ব্যবসায়ী আহত হয়েছেন। তারা হলেন মতিন বেপারী ও সরোয়ার হোসেন।
শুক্রবার উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের মদিনা স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস কর্মীরা মিলে ট্রাকটি ও এতে থাকা গরুগুলো উদ্ধার করেন। এ সময় বেশ কয়েক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।
বরিশালের চরমোনাই গ্রামের গরু ব্যবসায়ী সৈয়দ মোস্তফা জানান, গেল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার শিয়ালমারা গরুর হাট থেকে ১৮টি ষাঁড় নিয়ে ট্রাকে করে তারা বরিশালের উদ্দেশে রওয়ানা হন। শুক্রবার সকালে মদিনা স্ট্যান্ডের কাছে গরুবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচটি গরু মারা যায়। এছাড়া দুইটি গরু গুরুতর আহত হলে তাৎক্ষণিক স্থানীয়রা জবাই করেন। এই সাতটি গরুর মূল্য প্রায় আট লাখ টাকা। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, ট্রাকটির চালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরপরেই ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি উদ্ধার করে জব্দ করেছে পুলিশ।