নিজস্ব প্রতিবেদক।। সাভারের আশুলিয়া থেকে দুস্থ্যদের জন্য বরাদ্দকৃত ৪৯ বস্তা ত্রাণ শিশু খাদ্য (শুকনো খাবার) ও ১০ কেজির ৫২ প্যাকেট ভিজিএফ এর চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার রাতে পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের দুইটি কক্ষ থেকে এসব জব্দ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হক।
এলাকাবাসীরা অভিযোগ করেন, সরকারী এসব ত্রাণ সামগ্রী আত্মসাতের উদ্দেশ্যেই বিদ্যালয়ের দুটি কক্ষে মজুদ করে রাখা হয়েছিলো। সময়মতো এসব ত্রাণ সামগ্রী বিতরণ না করে স্বজনপ্রীতির মাধ্যমে তারা নিজেদের পছন্দের লোকদের ত্রাণ দিয়েছেন বলেও অভিযোগ করেন তারা।
পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের কোন গুদাম না থাকায় ত্রাণ সামগ্রী বিতরণের জন্য আমরা নয়ারহাট গণবিদ্যাপিঠ স্কুলের দুটি কক্ষ ব্যবহার করে থাকি। ৪৯ জন ব্যক্তির লিস্ট করা হলেও তারা সময়মতো ত্রাণ নিতে আসায় সেগুলো রয়ে গেছে। যার ফরওয়াডিং আমি ইউএনও মহোদয়কে পাঠিয়েছি। এ বিষয়ে প্রশাসন যে সিদ্ধান্ত দিবেন সেটাই আমরা মেনে নিবো।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নিপা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত সরকারী ত্রাণ সামগ্রীগুলো জব্দ করা হয়েছে। যে গুলো নির্দিষ্ট সময়ে বিতরণ করার কথা থাকলেও তারা করেনি। এ বিষয়ে সংশ্লিষ্টদের কারন দর্শানোর নোটিশ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন