আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার বডিগার্ড জাহিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি করে মোট চারটি মামলা তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৮ অক্টোবর) অস্ত্র আইনে দুটি মামলায় এজাহার আদালতের পৌঁছালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী তা গ্রহণ করে আগামী ১৭ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। একই সঙ্গে ইরফান ও জাহিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা দুটি মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের এজাহার গ্রহণ করে আগামী ৩ ডিসেম্বর তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এসব তথ্য নিশ্চিত করেন আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শওকত হোসেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে চকবাজার থানায় র্যাবের পক্ষ থেকে এসব মামলা দায়ের করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, চাঁদাবাজি, দখলদারিত্ব ও আধিপত্য বিস্তারের কাজে ওয়াকিটকি ব্যবহার করতো ইরফান। ক্ষমতা প্রদর্শনের জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতো সে। তার বাড়ি থেকে বিদেশি মদসহ অন্য মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে দুটি দুটি করে মোট চারটি মামলা করেছে।