কুবি প্রতিনিধি।। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং এনুয়েল ট্রেনিং প্রোগ্রামের (এটিপি) যৌথ উদ্যোগে আয়োজিত কর্মকর্তাদের নিয়ে দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রোববার (২০ ডিসেম্বর ) সকাল ৯টায় কুবি ভাচুর্য়াল ক্লাস রুমে প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়। রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) পরিচালকবৃন্দ ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র এ্যাসিসট্যান্ট সেক্রেটারী মোঃ ফজলুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, প্রশিক্ষণ মানেই দক্ষতা অর্জন। এর কোন বিকল্প নেই। আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা প্রকৃত জ্ঞান আহরণ করবেন বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, উপাচার্য মহোদয়ের আন্তরিকতা, প্রচেষ্টা ও নিষ্ঠায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। আইকিউএসি ও এটিপির যৌথ আয়োজনে কর্মকর্তাবৃন্দ প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ পেতে যাচ্ছে যা প্রশংসনীয় উদ্যোগ।