এআর সোহেব চৌধুরী চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের আজ ৭৩তম জন্মদিন। ১৯৪৮ সালের ৪ জানুয়ারী ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা হয়। বাংলা, বাঙালির স্বধিকার অর্জনের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় গঠিত হয় উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ দেশ গড়ার প্রতিটি পরতে,পরতে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যে গৌরবময় স্মৃতি বিজড়িত সংগঠনটির ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ভোলার চরফ্যাশন উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র্যালি এবং সন্ধ্যায় পৌর শহরে অবস্থিত ব্রোজগোপাল টাউন হলে উপজেলা ছাত্রলীগের আলোচনা সভা ও কেক কাটা হয়।
ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোমবাতি প্রজ্বলনসহ কেক কেটে এ দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা এবং পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ ছাত্রলীগের সভাপতি হায়াত আলী চৌধুরী রিজভী ও সাধারণ সম্পাদক আল আমিন মুন্সিসহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ কেক কাটেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জিন্নাগড় ইউপি চেয়ারম্যান মো.হোসেন মিয়া,পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ,নীলিমা জ্যাকব ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এইচএম মোরশেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি হায়াত আলী চৌধুরী রিজভীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন মুন্সির পরিচালনায় ছাত্রলীগ ও যুবলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,বাংলাদেশ ছাত্রলীগ ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহক। ছাত্রলীগের নেতৃত্বে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে। ছাত্রলীগ স্বাধিকার আন্দোলনে সংগ্রামী ভূমিকা পালন করেছে। চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের হাত ধরেই চরফ্যাশন ও মনপুরার মাটি ও মানুষের সন্তান গণ মানুষের বন্ধু আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এ জনপদের লালিত স্বপ্ন পূরণ করেছে। আগামী দিনেও এ মাটি ও বাংলাকে আবারো জয় করবে বাংলাদেশ ছাত্রলীগ।