আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনা ভাইরাস মহামারির ঊর্ধ্বগতি ঠেকাতে সারাদেশে সাতদিনের লকডাউন শুরু হয়েছে আজ সোমবার সকাল থেকে। এদিকে সরকার ঘোষিত দেশব্যাপী ৭ দিনের লকডাউন শুরুর প্রথমদিনে আজও স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার দাবিতে আন্দোলনে নেমেছেন নিউমার্কেট, গাউছিয়া, হকার্স মার্কেট, এলিফ্যান্ট রোডসহ মিরপুর রোডের ব্যবসায়ীরা।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ শুরু করেন তারা। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
ব্যবসায়ীরা বলেন, ‘গত বছর লকডাউনের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। সেটা এখনও পুষিয়ে না উঠতেই আবারও লকডাউন। সামনে ঈদ, তাই ঈদ উপলক্ষে দোকান খুলে দিতে হবে।’
ঢাকা মহানগর দক্ষিণ ব্যবসায়ী সমিতি ও গাউসিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল হাসান বলেন, ‘মার্কেট খেলার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমরা চাই সরকার সীমিত পরিসরে হলেও মার্কেট খুলে দিক।’
দোকান খোলার দাবিতে গতকাল রবিবার থেকে আন্দোলন করছেন ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ সোমবার থেকে সাতদিনের লকডাউন ঘোষণা করে গণপরিবহন চলাচল বন্ধের পাশাপাশি বাজার-মার্কেট, হোটেল-রোস্তোরাঁসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম