নিজস্ব প্রতিবেদক।। সাভারে তুরাগ নদে গোসলে নেমে নিখোঁজের ২১ ঘন্টা পর ভেসে উঠেছে আলভি নামে এক কিশোরের মরদেহ। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রাখলেও এখন পর্যন্ত নিখোঁজ আরেক কিশোর।
রোববার (২২আগষ্ট) বিকাল ৩ টার সময় কাউন্দিয়া ইউনিয়নের তিরিশ ফিটের বালুর চর এলাকার তুরাগ নদে ভেসে ওঠা ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এর আগে সন্ধ্যার দিকে ওই স্থানেই রাজধানী থেকে আসা ছয় কিশোর গোসল করতে নেমে নিখোঁজ হয় আলভি ও রিয়াদ। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করলেও রাত হয়ে যাওয়ায় পরে স্থগিত করা হয়।
পুলিশ জানায়, মিরপুর এলাকা থেকে ৬ জনের একদল কিশোর কাউন্দিয়ার ওই এলাকায় ফুটবল খেলতে আছে। খেলা শেষে তারা নদীতে গোসল করতে নামে। এসময় কিশোর আলভী ও রিয়াদ পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করে দেয় ডুবুরি দল। এরপর আজ সকাল ৮টা থেকে আবারও উদ্ধারকাজ শুরু করেন ডুবুরিরা। পরে বিকাল তিনটার দিকে নিখোঁজ হওয়া স্থান থকে প্রায় ৩০০ গজ দূরে কিশোর আলভির লাশ ভেসে ওঠে। তবে নিখোঁজ আরেক কিশোরকে উদ্ধারে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।
উদ্ধার হওয়া আলভি মিরপুর শাহ আলী থানার সি ব্লকের মো. আল আমিনের ছেলে। এখনো নিখোঁজ রিয়াদ একই এলাকার মো. আক্তারের ছেলে। তারা দুজনেই সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান আব্দুল জলিল বলেন, যেখানে দুই কিশোররা নিখোঁজ হয়েছে সেখানে পানির স্রোত অনেক বেশি। এ কারণে নিখোঁজদের সন্ধান পাওয়া কষ্টকর। আমাদের ৪জনের ডুবুরি দলের উদ্ধার অভিযানে কাজ করছি। স্থানীয় প্রশাসন আমাদের সাথে সহয়তা করছে। নিখোঁজ আরেকজনকে উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহ আলম আমাদেরবাংলাদেশকে বলেন, গোসলে নেমে নিখোঁজ আলভি নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরকেজনকে এখনো পাওয়া যায়নি তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদল কাজ করছেন। আইনি প্রক্রিয়া শেষে কিশোর আলভির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম